মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজন নিহত আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ । ১২:৪৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ উজ্জ্বল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে সোমবার রাতে শহরের মাঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ডিস ব্যবসায়ী হুমায়ূন হোসেন ও তার ভাই মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ। নিহত উজ্জ্বল ওই এলাকার শাহজাহান মোল্লার ছেলে এবং মুন্সীগঞ্জ পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে পাশের দক্ষিণ কোটগাঁও এলাকার ডিস ব্যবসায়ী হুমায়ুন হোসেন ও তার ছোট ভাই সোহেলের নেতৃত্বে ১০-১২ জন মিলে উজ্জ্বলের মাঠাপাড়ার বসত বাড়িতে হামলা চালায়।
এ সময় হুমায়ুন,সোহেল ও তাদের লোকজন উজ্জ্বলকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে গুরুতর আঘাতের কোন  চিহ্ন নেই বলেও জানান তিনি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনার মূলহোতা দুই ভাই হুমায়ূন ও সোহেলকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন