মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে করে ওই সড়কে চলাচলকারী লোকজন চরম ভোগান্তি পোহাচ্ছে। স্থানীয় লোকজন ও উপজেলা এলজিইডির কার্যালয়ের সূত্র জানায়, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া-আব্দুল্লাহপুর সড়কের আড়ালিয়া ভুলির খালে দীর্ঘ বছর ধরে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। সেই দাবির প্রেক্ষিতে ২০২৩ সালের ১৬ জানুয়ারি শুরু হয় ব্রিজ নির্মাণের কাজ। প্রায় চার কোটি ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্যের আরসি গার্ডার ব্রিজটি কাজটি পান সোনারগাঁও এলাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।কিন্তু ঠিকদারি প্রতিষ্ঠান মাত্র কয়েক মাস কাজ করে চলে যায়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নির্মাণাধীন আরসি গার্ডার ব্রিজটির সবগুলো পিলার পাইলিং হয়েছে। নির্মানাধীন ব্রিজের পাশ দিয়ে সাময়িক ভাবে পায়ে হেঁটে চলাচলের জন্য স্থানীয়দের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে।
আড়ালিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, প্রতিদিন এই খাল পাড় হয়ে শতশত মানুষ বিভিন্ন গন্তব্য যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকার উৎপাদিত কাঁচামাল উপজেলা ও জেলা শহরে নেওয়া যাচ্ছে না।
বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার বলেন, ওই সড়ক ব্যবহার করে ইউনিয়ন পরিষদে উপকারভোগী, বিভিন্ন সেবাপ্রার্থীদের আসা যাওয়া করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি জানান।
উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ বলেন, প্রায় চার কোটি ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্যের আরসি গার্ডার ব্রিজটি খালের ওপর নির্মিত হবে। ইতিমধ্যে ঠিকাদার ব্রিজের পিলার পাইলিং কাজ করে তার বিল নিয়ে চলে গেছে। বর্তমানে কাজটি বাতিল করে নতুন করে টেন্ডার দিয়ে বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে।#
জুয়েল দেওয়ান,গজারিয়া
প্রকাশের সময়: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ । ১২:৪১ অপরাহ্ণ